
সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শাড়ি তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা মো. কামারুজ্জামান, পৌর আমির ইউনুস আলী বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নারায়ণ, সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, মো. রকিব উদ্দীন, মাওলানা মো. আমজাদ হোসেন, সন্তোষ কুমার, নিরঞ্জন ঘোষ, মিঠুন ঘোষ ও রবীন্দ্রনাথ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ।
তাঁরা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।