সাউথ বেঙ্গল ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
পশ্চিমবঙ্গ এসটিএফ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—বাংলাদেশে বিভিন্ন অপরাধে জড়িত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালী এবং আলমগীর হোসেন (৩৪), বাড়ি ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকায় ওসমান হাদি নামে এক ব্যক্তিকে হত্যার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর দীর্ঘদিন ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনায় সম্প্রতি তারা বনগাঁ এলাকায় আসেন।
পশ্চিমবঙ্গ এসটিএফ সদর দপ্তর থানায় এ ঘটনায় ০৯ নম্বর মামলা (তারিখ: ০৮ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের পুলিশি হেফাজতে নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে এসটিএফ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তাদের ভারতে অবস্থানের সময়কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।