কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এইচ এম দ্বীন মোহাম্মদ।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানই নয়, আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের জন্য অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।"
অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "তোমরাই আগামী দিনের বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এইচ এম দ্বীন মোহাম্মদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদী।
এলাকাবাসীরও প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে কাউখালী উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।